ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মেধাবী ছাত্র ত্বকী হত্যা নিয়ে দোকান খোলা হয়েছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা নিয়ে দোকান খোলা হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে সদরের সাত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভায় এই মন্তব্য করেন তিনি।


শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে একটি হত্যা নিয়ে বহুদিন ধরে দোকানদারি চলছে। ত্বকী হত্যা। ত্বকী নামে একটি বাচ্চা ছেলে মারা গেছে। তাকে নিয়ে দোকানদারি করা হচ্ছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি আগামী কয়েকদিন পরই তথ্য-প্রমাণসহ প্রেস কনফারেন্স করবো নারায়ণগঞ্জ অথবা ঢাকায়। এবং সাথে সাথে দাবি করবো এই হত্যাকাণ্ডের বিচার যেন তড়িৎ গতিতে হয়।’


জানা গেছে, ২০১৩ সালে ঘটা আলোচিত ওই হত্যাকাণ্ডের পরই শামীম ওসমানসহ তার পুত্র অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এবং নারায়ণগঞ্জের সাংস্কৃতিমনা সংগঠনের নেতৃবৃন্দরা। সবশেষ গত ৮ ফেব্রুয়ারি শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনানে ত্বকী হত্যার ১০৭ মাসপূর্তি উপলক্ষে আয়োজিত মোমবাতি প্রজ্জোলন কর্মসূচিতে অংশ নিয়ে ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি কবি হালিম আজাদ এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দরা পুনরায় ওসমান পরিবারকে অভিযুক্ত করে বক্তব্য রাখেন।


তারা বলেন, ‘মামলার তদন্তকারী সংস্থা র‌্যাবের কর্মকর্তা খসড়া চার্জশিট দেখিয়ে বলেছেন, রফিউর রাব্বিকে শায়েস্তা করতেই শামীম ওসমানের নির্দেশনায় তার পুত্র অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানের লোকজন ত্বকীকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করেছে।’


ওই বক্তব্যের দুইদিন পর ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের পরিচিতি সভায় ত্বকী হত্যা নিয়ে কথা বললেন সাংসদ শামীম ওসমান। তিনি বলেন, ‘রাস্তার পাড়ে দাঁড়িয়ে ১০-১২জন মিলে আমার বাপ-দাদা চৌদ্দগুষ্ঠি তুলে গালি দেয়। গত দু’দিন আগেও শুনেছি নারায়ণগঞ্জে খুব অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে। এসব ব্যবহার করার দরকার নেই। গো টু দ্য হাইকোর্ট। কোর্টে গিয়ে বলেন, বিচার চাই। সাংবাদিকরা এখানে আছেন, আবারও বলছি, আমি কয়েকদিন পর এই বিষয়ে সংবাদ সম্মেলন করব।’


এদিকে, মামলার তদন্তকারী সংস্থা র‌্যাবের খসড়া চার্জশিট প্রসঙ্গে শামীম ওসমান বলেন, বলা হয় খসড়া চার্জশিট। খসড়া চার্জশিট বলতে কোনো চার্জশিট আছে নাকি? আমি আইন পাশ করেছি। খসড়া চার্জশিট বলতে কোনো চার্জশিট নাই। আর যদি থেকেই থাকে, তাহলে ওই চার্জশিটটা দেখান। আমি আমার সাংবাদিক ভাইদের নিয়ে বলতে চাই, সকল হত্যার বিচার চাই। ২০ জন হত্যা হয়েছে আমাদের। ওই হত্যার বিচার এখনো আমি পাই নাই। পারভেজ গুম হয়েছে, পারভেজকে পাইনি। কারা পারভেজকে গুম করার পেছনে ছিলো জানতে চাবো আমি। কারা মাকসুদকে হত্যার পেছনে ছিল, জানতে চাবো আমি।


মামলার তদন্তকারী সংস্থার বিষয়ে শামীম ওসমান বলেন, ‘যারা তদন্ত করেছিল, তাদের মেইন যে সেও কিন্তু সেভেন মার্ডারের আসামি। মেজর আরিফ। সে কিন্তু জেলের ভেতরেই আছে। কার সাথে কথা বলেছিল, কন্ট্রাক করেছিল, জানি আমি। সবকিছু বুঝি কে করাতে চেয়েছিল।’


মেয়র আইভীকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘যে এবং যারা মানুষের জমি দখল করে খায় ভূমিদস্যু অথবা ইনকাম টেক্সের ফাইলে টাকা নাই, বাড়ি বানান দুর্নীতি করে, মহারানী হয়ে থাকেন, পিছন থেকে যারা চাবি দেন, মনে রাখবেন ধৈর্য্যেরও একটা সীমা আছে।’


হুঁশিয়ারি উচ্চারণ করে শামীম ওসমান বলেন, ‘এত বেশি বাড়াবাড়ি করবেন না, যাতে জনগণ ক্ষেপে না যায়। জনগণ যদি ক্ষেপে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য খুব একটা সুবিধা হবে না। কারণ আপনাদের পায়েত তলায় কতটুকু মাটি আছে, তা আমি জানি। কিছু বলি না এই কারণে যে, আল্লাহ খোদার পথে চলে গেছি। ধৈর্য্য ধরি, তাই হারিও না। আল্লাহ ধৈর্য্যধারীকে পছন্দ করেন এবং ক্ষমাকারীকেও পছন্দ করেন। ক্ষমা করতেছি ধৈর্য্য ধরতেছি। আল্লাহ এটাও বলেছেন যে, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, জানের বদলে জান; এটাও কিন্তু এ্যালাও আছে। দুটোই আছে কিন্তু। তো ক্ষমাকারীকে বেশি পছন্দ করে বলে ওইটা বেছে নিয়েছি। যদি আগেরটা বাইছা নেই, পাঁচ মিনিট নারায়ণগঞ্জ শহরে কেউ দাঁড়াতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে সবাইকে। এটা আমি লাঠির জোরে করবো না। আল্লাহর হুকুমে জনগণকে সাথে নিয়ে করবো। আমি বিশ্বাস করি, জনতার শক্তির চেয়ে কোনো শক্তিই বেশি হতে পারে না। আর যেখানে লাখো জনতা, সেখানে আল্লাহর হুকুম থাকেই।’


তিনি বলেন, ‘আমাদের কর্মীরা অনেকে ক্ষেপে গেছে, অনেকে জেদ রাখতে পারছেন না। বিভিন্ন খারাপ কথা বলা হচ্ছে। তো এই সময়টা পর্যন্ত অপেক্ষা করেন। প্রেস কনফারেন্স করার পর যখন সব বলে দেব, আমাদের জানা মতে যেইটুকু আমরা জানি।’


প্রসঙ্গত, এক বছর আগে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থিত থেকে শামীম ওসমান বলেছিলেন তিনি ত্বকী হত্যার বিষয়ে দ্রুতই সংবাদ সম্মেলন করে কিছু তথ্যপ্রমাণ দেবেন। এরপর ত্বকী হত্যা নিয়ে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন না করলেও পুনরায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন এই সংসদ সদস্য।





















































































































সুত্রঃ দৈনিক অধিকার

ads
ads
ads

Our Facebook Page

↑